Thursday, December 5, 2019

ধলপুর স্টাফ কোয়ার্টার মনোরম এক উদ্যান

অমিতোষ পাল: সমকাল।


মনোরম এক উদ্যান
রাজধানীর ধলপুর স্টাফ কোয়ার্টারের ভেতরে গড়ে তোলা হয়েছে এই দৃষ্টিনন্দন পার্ক - সমকাল
নতুন সাজে সেজেছে রাজধানীর ধলপুরের স্টাফ কোয়ার্টার পার্ক। যে কেউ দেখলেই বিস্মিত হবেন এখন। শিশুদের জন্য তৈরি এই পার্কে রয়েছে খেলার মাঠ, ওয়াকওয়ে, ছাদবাগান, পাঠাগার, শীতাতপ নিয়ন্ত্রিত হলরুম ও বৈদ্যুতিক বাতির ব্যবস্থা। যে কারণে রাতের বেলায়ও শিশুরা খেলা করতে পারবে ওখানে।

রাজধানীতে যখন শিশুদের জন্য খেলার মাঠের অভাব, প্রাণভরে নিঃশ্বাস নেওয়া দুঃসাধ্য, ঠিক এ সময়েই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) শিশুদের জন্য তৈরি করল বিশ্বমানের এই পার্ক ও খেলার মাঠ।

গতকাল বৃহস্পতিবার ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্কটির উদ্বোধন করেন। এ সময় তিনি পার্কের পাশেই তেলেগু পরিচ্ছন্নতাকর্মীদের আবাসনের জন্য নবনির্মিত পরিচ্ছন্নতাকর্মী নিবাসের উদ্বোধন করেন। ২৯ কাঠা জমির ওপর নির্মিত এ দুটি প্রকল্পের জন্য ডিএসসিসির ব্যয় হয়েছে ১৪ কোটি টাকা।

সরেজমিন পার্কটিতে দেখা গেছে, উদ্বোধনের পরই অভিভাবকরা শিশুদের নিয়ে ছেড়ে দেন পার্কে। তারা ব্যাপক আনন্দের মধ্য দিয়ে ছোটাছুটি ও খেলাধুলায় মত্ত হয়ে পড়ে। সবুজের সমারোহ ঘটানো হয়েছে পুরো পার্কটিতে। শিশুদের আকৃষ্ট করতে বিশেষ শৈলীর রেলিং তৈরি করে দেওয়া হয়েছে। স্বচ্ছ আলোর জন্য দেওয়া হয়েছে উন্নতমানের এলইডি লাইট। তৈরি করা হয়েছে আধুনিক পাঠাগার। খেলাধুলার পাশাপাশি পাঠাগারে মজার মজার গল্প, ছড়া, বিজ্ঞান কল্পকাহিনীও পড়তে পারবে তারা। উন্নত দেশের পার্কের আঙ্গিকে সাজানো হয়েছে পার্কটি। এর নকশা প্রণয়ন করেছে সিঙ্গাপুরভিত্তিক একটি প্রকৌশলী প্রতিষ্ঠান।

পার্কটির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র সাঈদ খোকন বলেন, 'এ এলাকায় অবস্থিত করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানরা যেন খেলাধুলা ও সাংস্কৃৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে, সে লক্ষ্যে এই পার্ক এবং পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই পরিচ্ছন্নতাকর্মী নিবাসের উদ্বোধন করা হলো। '

তিনি বলেন, পুরো দক্ষিণ সিটি করপোরেশন এলাকাজুড়ে ১৯টি পার্ক এবং ১২টি খেলার মাঠ বিশ্বমানের করে গড়ে তোলা হচ্ছে। অনেকটি ইতোমধ্যে নগরবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কয়েকটির নির্মাণকাজ শেষে উদ্বোধনের অপেক্ষায়। এগুলো শিগগিরই উন্মুক্ত করে দেওয়া হবে। তখন পুরো দক্ষিণ ঢাকা এক অনিন্দ্যসুন্দর রূপ লাভ করবে।

এ সময় স্থানীয় এমপি হাবিবুর রহমান মোল্লাসহ করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্‌ ইমদাদুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। অন্যদিকে ১৭ কাঠা জমির ওপর ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত তেলেগু পরিচ্ছন্নতাকর্মী নিবাসের প্রতিটি ফ্ল্যাটে বেডরুম, ডাইনিং-কাম ড্রয়িংরুম, রান্নাঘর, টয়লেট, বারান্দা ইত্যাদি সুবিধা সংবলিত ৯০টি ফ্ল্যাট রয়েছে। পৃথক বৈদ্যুতিক মিটার, সোলার সিস্টেম, পয়ঃনিস্কাশন ব্যবস্থা, বৈদ্যুতিক সাবস্টেশন, সীমানা প্রাচীর, ওয়াকওয়ে, প্রবেশ ও বহির্গমন পথের ব্যবস্থা রাখা হয়েছে প্রতিটি ফ্ল্যাটের জন্য।

No comments:

Post a Comment